নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ;  ২৫ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের চলতিসহ বকেয়া বেতন ও শতভাগ ঈদ বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে প্রতীকী মানববন্ধন করেছে  গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা শাখা।

আজ শনিবার  (২৬ মে ২০২০) জেলা পেসক্লাবের  সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতীকী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ২৫ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের চলতিসহ বকেয়া বেতন ও শতভাগ ঈদ বোনাস পরিশোধ, সাধারণ ছুটি ও করোনা দুর্যোগের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে বে-আইনি শ্রমিক ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, আইন ও প্রতিশ্রুতি ভঙ্গকারী মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ, সকল শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, করোনা সংক্রমিত শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা, করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকের চিকিৎসা ব্যয় ও সর্বোচ্চ ক্ষতিপুরণ নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আমানুল্লাহ আমান, গাবতলী পুলিশ লাইন শাখার সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।