নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমতি পেলে ৭ মে বোনাসের চেকগুলো ব্যাংকগুলোতে যাবে।
আজ সোমবার (০৪ মে ২০২০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ ঈদ বোনাস পাবেন।
জানা যায়, গত সপ্তাহে এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। গতকাল রবিবার (০৩ মে ২০২০) সেই প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। তবে, ৭ মে’র আগে চেক ব্যাংকে পাঠানো যাবে না। অনুমতি পেলেই বোনাসের চেকগুলো ব্যাংকগুলোতে যাবে।
তবে আসন্ন ঈদুল ফিতরের আগে ২৫ শতাংশ ঈদ বোনাসের পরিবর্তে সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাস প্রদানসহ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের দাবি, ২০০৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ২৫ শতাংশ এবং কর্মচারীদের জন্য ৫০ শতাংশ ঈদ বোনাস প্রদান করা হলেও দীর্ঘ ১৬ বছরে এর কোনো পরিবর্তন নেই। এমপিওভুক্ত শিক্ষকদের মাত্র এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেয়া হয়। বর্তমানে শিক্ষকরা করোনার প্রভাবে গৃহবন্দি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মারাত্মক অর্থকষ্টে দিনযাপন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানও দীর্ঘদিন ধরে বন্ধ। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থকষ্ট আরও প্রকট আকার ধারণ করবে।
এমপিওভুক্ত শিক্ষকদের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা চরম পর্যায়ে। তারা অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় শতভাগ ঈদ বোনাস প্রদানসহ তাদের সমস্যা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
আমাদের বাণী ডট কম/০১ মে ২০২০/পিপিএ
