ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে ২ লাখের বেশি কর্মরত কর্মীদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা ও যুব কর্মীদের মেয়াদ বাড়ানোসহ ৭ দফা দাবি জানিয়েছেন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ।
গতকাল বৃহস্পতিবার এসব দাবিতে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তর সম্মুখে অবস্থান কর্মসূচিসহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি পেশ করেন। ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, চাকরির মেয়াদ ও বেতন-ভাতা বৃদ্ধি করা, চিকিৎসা ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি বিল চালু, যোগ্যতা অনুযায়ী তৃতীয় শ্রেণির মর্যাদা প্রদান। একই সঙ্গে যেসব কর্মীর মেয়াদ শেষ হচ্ছে তাদের পুনর্বহালসহ চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় যুব নারী-পুরুষরা তিন মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদী অস্থায়ী ভিত্তিতে মাসিক ৬ হাজার টাকা বেতনে কর্মরত আছেন। তারা সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে দৈনিক ৮ ঘণ্টা কাজ করছে। যার মেয়াদ শেষ হলে বেকার হতে হবে। এ জন্য তারা সরকারের নিকট ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ, মেয়াদ ও ভাতা বাড়ানোর দাবি জানান।
