জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; ভূমি বিরোধকে কেন্দ্র করে অসহায় দু’টি পরিবারকে ৮ মাস যাবত অবরুদ্ধ করে রাখা হয়েছে। এলাকার একটি প্রভাবশালী পরিবার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় ওই পরিবার দু’টি অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে পরিবার দু’টির স্বাভাবিক জীবনযাপন দুর্বিসহ হয়ে উঠেছে। এটি ঘটেছে পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ীস্থ চৌধুরীহাট ফকিরপাড়া গ্রামে।

এদিকে এ ঘটনায় ভূক্তভোগী পরিবার দু’টি পুলিশ ও প্রশাসনে অভিযোগ দিয়েও প্রতিকার পেতে ব্যর্থ হয়েছেন। ফলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, উপজেলার ফতেজংপুর ইউপির চৌধুরীহাট ফকিরপাড়ার বাসিন্দা নূর ইসলাম ও জহুরুল হক শাহ’র সঙ্গে প্রতিবেশী তমিজ উদ্দিন ফকিরের ভূমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গত বছরের ২৪ আগস্ট প্রভাবশালী তমিজ ফকির প্রতিবেশী নূর ইসলাম ও জহুরুল হকের পরিবারের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে পরিবার দু’টি অবরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনায় দীর্ঘ ৮ মাস যাবত দুই পরিবার বাড়ি থেকে বের হতে পারছেন না। এতে করে পরিবার দু’টির স্বাভাবিক জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের নিত্যদিনের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। বর্তমানে পরিবার দু’টি অন্যের সহযোগিতায় অতিকষ্টে দিনাতিপাত করছে। এ অবস্থায় ভূক্তভোগী দুই পরিবার প্রতিকার পেতে উপজেলা নির্বাহী অফিসার ও দিনাজপুর জেলা পুলিশ অভিযোগ দিয়েও কোন ফল পাননি। পরে বাধ্য হয়ে গত বছরের ২৮ ডিসেম্বর নাহিদা ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় প্রভাবশালী তমিজ উদ্দিন ফকিরসহ ১২ জনকে আসামী করা হয়। এ মামলায় আসামীরা জামিনে মুক্ত হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আসামীরা মামলার বাদীসহ দুই পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকিসহ মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন করছেন। ফলে অবরুদ্ধ পরিবার দু’টি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সরেজমিনে এলাকায় গেলে কথা হয় অবরুদ্ধ পরিবারের জহুরুল হক শাহ ও নাহিদা ইসলামের সঙ্গে। তারা অভিযোগে জানায়, তাদের প্রতিপক্ষ তমিজ উদ্দিন ফকিরের পরিবারের লোকজন পেশীশক্তির জোরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গ্রামের ৫০ বছরের পুরাতন চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে পরিবারের যাতায়াত বন্ধ করে দিয়েছে। ফলে গৃহবন্দি আমাদের পরিবারের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাওয়া ও অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাসের পর মাস এমন দূরাবস্থার প্রতিকার চেয়েও সুফল পাওয়া যায়নি। প্রভাবশালী পরিবারের হুমকির কারণে গ্রামবাসীও প্রতিবাদ করার সাহস পাননা। এমনকি পুলিশ ও প্রশাসনের সিদ্ধান্তও তারা আমলে না নিয়ে রাস্তা খুলে দিচ্ছে না। এ নিয়ে মামলা করায় আমাদের ওপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। বুধবার রাতেও পুলিশ এসে ঘটনার সুরাহা করতে পারেনি। অভিযোগ বিষয়ে জানতে প্রতিপক্ষ তমিজ উদ্দিন ফকিরের সঙ্গে বার বার কথা বলার চেষ্টা করেও দেখা না মেলায় মন্তব্য জানা সম্ভব হয়নি। ভূক্তভোগীরা অবরুদ্ধ অবস্থার অবসানে প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে ইউপি সদস্য চিত্তরঞ্জন দাস মুঠোফোনে জানান, যারা অবরুদ্ধ করে রেখেছে তারা অমানবিক কাজ করেছে।

ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনারের কাছে ওই বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, দুই পরিবারের জমিনে বিরোধ রয়েছে। তবে কারও চলাচলের পথ বন্ধ করে দেয়া মানবাধিকার লংঘনের সমান।

চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ তারিকুল ইসলাম তারিক মুঠোফোনে জানান, এ বিষয়টি আমার জানা নেই।

আমাদের বাণী ডট কম/০৫ মার্চ ২০২০/সিইস 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।