সারাবিশ্বে পুরুষ কর্তৃক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর নির্যাতনে স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি হবার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর গ্রামের মৃত খলিল হাওলাদারের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক হাওলাদার দীর্ঘ ১৪ বছর আগে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের হাকিম হাওলাদারের মেয়ে হাসিনা বেগমকে বিয়ে করে। বর্তমানে তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সিদ্দিক হাওলাদারের স্ত্রী হাসিনা বেগম কারণে-অকারণে বিভিন্ন অজুহাতে বড় অংকের টাকা দাবি করে আসছিল। তার চাহিদামত টাকা না দিতে পারলেই সিদ্দিকের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত স্ত্রী।

ব্যবসায়িক কাজে জমাকৃত ৪০ হাজার টাকা স্ত্রীর কাছে সিদ্দিক চাইলে হাসিনা বেগম ঘরের দরজা বন্ধ করে তার উপর শারীরিক নির্যাতন চালায়। এমনকি হাসিনা বেগম সিদ্দিকের শরীরের একাধিক স্থানে কামড়ে গুরুতর জখম করে। পরে বাড়ির লোকজনসহ স্থানীয়রা আহত সিদ্দিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এঘটনায় আহত সিদ্দিক হাওলাদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাবার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।