রুমি নোমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুইটি ‘মুক্তির আহবান’ ও শাশ্বত মুজিব’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ফটকের সামনে স্থপিত এ ম্যুরাল দু’টির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। ম্যুরাল উদ্বোধন শেষে হলের প্রধান ফটরে সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। পরে হল প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ। অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আজকের এই দিনে এমন একজন বাঙালি জন্মগ্রহণ করেছিলেন, যিনি টুঙ্গিপাড়ার মত একটি অজপাড়া গাঁ থেকে জন্ম নিয়ে বাংলাদেশকে একটি জাতি রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছিলেন।’
ম্যুরাল দুটি নির্মাণের বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে ম্যুরাল দুটি নির্মাণ করা হয়েছে। প্রথমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল (মুক্তির আহবান) নির্মাণের পরিকল্পনা ছিল। পরবর্তীতে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে শাশ্বত মুজিব’ ম্যুরালটিও নির্মাণ করা হয়েছে। ম্যুরাল দু’টি সকলকে মুজিবীয় চেতনায় স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে আশা করি।’
আমাদের বাণী ডট কম/১৭ মার্চ ২০২০/সিসিপি
