নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সবমিলিয়ে, আইনশৃঙ্খলার এ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮২ জনে।

এ সংখ্যা শনিবার (১৬ মে) সকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশের সকল পুলিশ ইউনিটের। এর আগে, মে মাসের ১১ তারিখে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

পুলিশের করোনা কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য এক হাজার ৪১ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপির পক্ষ থেকে জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা ভাইরাসমুক্ত হয়ে ৩৬১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাতজন।

এদিকে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখছেন।

 স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ (১৬ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ছয় হাজার ৭৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে।  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১১৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন ও রংপুর বিভাগের দুইজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩৪৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৫১ জনকে।

আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।