নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  ব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এ প্রান্ত থেকে ও প্রান্ত বিশ্বের প্রতিটি দেশেই যেন বিদ্যুতের গতিতে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। আর  বাংলাদেশের এই প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল সরকার। পরবর্তীতে তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। এছাড়াও ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। করোনার সংক্রমণ কতদিনে ঠেকানো যাবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের তিন মাস মেয়াদী সংসদ বাংলা টেলিভিশনে সেরা শিক্ষকদের ক্লাসের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে সরকার ঘোষিত এই বন্ধের সময় প্রাইমারি স্কুলে বিকল্প উপায়ে কীভাবে ক্লাস বা পড়াশোনা চালু রাখা যায়, সে বিষয়টি নিয়ে তারা চিন্তাভাবনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। টিভির মাধ্যমে ক্লাস প্রচারের বিষয়টিও তাদের ভাবনায় আছে।

তবে ছুটিতে বাড়িতে থাকা অবস্থায় প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এসএমএস (খুদেবার্তা) পাঠাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল  বুধবার (২৫ মার্চ ২০২০) অধিদপ্তরকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে।

গত মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নানা নির্দেশনা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন।

মো. আকরাম আল হোসেন বলেন, ‘দেশের এক কোটি ৩৭ লাখ শিক্ষার্থীর মায়েদের মোবাইলে একটি ইউনিক এসএমএস পাঠানো হবে। এ পর্যন্ত বিদ্যালয়ে যা পড়ানো হয়েছে, যা পড়ানোর কথা ছিল, বন্ধের মধ্যে মায়েদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের সেই পড়ালেখা চালিয়ে যেতে বলা হবে। এই এসএমএসটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, নিয়মিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মোবাইলে অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের লেখাপড়া মনিটর করবেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০ জনে আর মারা গেছে ৫ জন।

আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।