আমাদের বাণী ডেস্ক, ঢাকা; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। সংক্রমিত হয়েছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীও। আর এই প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রতিনিয়তই মারা যাচ্ছে দেশে। মরণঘাতী ভাইরাস করোনা প্রতিরোধে আর কোনো ফাঁক রাখতে চায় না প্রশাসন। কোথাও কোভিড-১৯ রোগে আক্রান্ত কিংবা মৃত্যু সন্দেহ হলেই লকডাউন করে দেওয়া হচ্ছে ওইসব এলাকা। কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের। নির্দেশ মানায় বাধ্য করাতে তাদের বাড়ি বাড়ি পাহারায় বসানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এবার করোনা সংক্রমণ রোধে বিদেশ ফেরতদের তালিকা দিতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। গত শনিবার (২১ মার্চ ২০২০) ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ নির্দেশনা দেন তিনি।
ফেসবুকে তিনি লিখেন, সম্মানিত প্রাথমিক শিক্ষকবৃন্দ আপনার এলাকায় সম্প্রতি বিদেশ প্রত্যাগতদের তথ্য ইউএনও এবং ওসিকে জানান।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ
