ঝিনাইদহ জেলা সংবাদদাতা; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য জীবন দিয়েছেন। তার নাম মো. শরীফুল ইসলাম (৫৫)। তিনি খুলনা রেঞ্জের ঝিনাইদহ সদর ফাঁড়িতে টিএসআই হিসেবে কর্মরত ছিলেন।

করোনা আক্রান্ত হয়ে তিনি ঝিনাইদহ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টিএসআই শরীফুল ইসলামের মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা টিএসআই মো. শরীফুল ইসলাম জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে জীবন দিলেন। বাংলাদেশ পুলিশের এ বীর সদস্য দেশ ও জনগণের সেবার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এদিকে স্বাস্থ্য  অধিদপ্তরের সর্বশেষ (২৪ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৫  জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৩৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৮ জন  সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন, এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৭৬৮  জন। আজ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৭ টি। নতুন করে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৭ জন। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।

আমাদের বাণী ডট কম/২৪ জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।