নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান মারা গেছেন।
- গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২০) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত বরেছেন। তিনি জানান, গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
- এদিকে, অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যুর সংবাদ জানিয়ে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাশ গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৮ জন চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।’
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।
