নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাজির উদ্দিন (৫৫) নামে পুলিশের আরেক সদস্য মারা গেছেন। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দেশে পুলিশের চার সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের সুপার হাসান উল হায়দার জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনের ভুগছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, নাজির উদ্দিন পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন কাজীটোলা গ্রামের বাসিন্দা। ১৯৬৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা নাজির উদ্দিন ১৯৮৩ সালের ২৫ সেপ্টেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত হয়ে প্রাণ দিলেন এসআই নাজির উদ্দিন। তিনি এসবির প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন।

তার নামাজে জানাজা শুক্রবার সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬) ও ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)। গ বুধবার (২৯ এপ্রিল ২০২০) রাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা মারা যনা। এর আগে গত মঙ্গলবার ওয়ারী পুলিশ ফাঁড়ির কনস্টেবল জসিম উদ্দিন (৪০)।

আবদুল খালেক মিরপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি একাডেমির মসজিদে ইমামতি করতেন।বৃহস্পতিবার ভোরে আরামবাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুই মেয়ে ও এক ছেলের জনক আবদুল খালেকের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

আশেক মাহমুদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ২৬ এপ্রিল অসুস্থতা বোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন। এক দিন পরই তাঁর দেহে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানান ঢাকা উত্তরের (ট্রাফিক) অতিরিক্ত উপকমিশনার বদরুল হাসান।আশেক মাহমুদ রাজারবাগ ট্রাফিক ব্যারাকে থাকতেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০ ) রাত সাড়ে ১০ টার দিকে করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে প্রথম কোনো পুলিশ সদস্য হিসেবে মৃত্যু জসিম উদ্দিনের (৪০)। তিনি কনস্টেবল হিসেবে ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।

আমাদের বাণী ডট কম/০১ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।