নিজস্ব সংবাদদাতা, ঢাকা; গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে এবং মৃতের সংখ্যা ৫।

আজ সোমবার (৩০ মার্চ ২০২০) দুপুর ১২টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আবারও অনুরোধ করছি, আমরা যে ধরনের পরামর্শ দিচ্ছি, সেগুলো সঠিকভাবে মেনে চলার জন্য।’

তিনি জানিয়েছেন, এক চিকিৎসক ও নার্সসহ আরও ৪ জন সুস্থ্য হয়েছেন। এর মধ্যে এক জনের বয়স ৮০ এবং দুই জনের বয়স ৬০ এর উপর। এই প্রথম দেশে ষাটোর্ধ কোন ব্যক্তির সুস্থ্য হবার কথা জানালো আইইডিসিআর। সব মিলিয়ে সুস্থ্য হয়েছেন ১৯ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, করোনা চিকিৎসায় যারা সহযোগীতার হাত বাড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জানান। এ সময় সবাইকে ঘরে থাকার জন্য তিনি বিশেষ ভাবে অনুরোধ জানান।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে এখন পর্যন্ত সোয়া সাত লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৩৪ হাজার। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন দেড় লাখের বেশি মানুষ।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৪৯, মারা গেছেন ৫ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন।

আমাদের বাণী ডট কম/৩০মার্চ ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।