মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা; প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রায় ১ একর জমির ধান কেটে দিয়েছেন।
আজ শনিবার (০২ মে ২০২০) সকাল ৯টা থেকে শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে গরীব, হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের এ নেতা-কর্মীরা। “যতদিন পর্যন্ত কৃষকের ধান ঘরে উঠবে না ততক্ষন পর্যন্ত ছাত্রলীগ তাদের পাশে থাকবে” এই প্রত্যয় নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছে। এদিকে দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।
কৃষক খলিল ও কবির হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে অনেক কষ্টের ধান পেকে গেছে। একদিকে কাল বৈশাখির ছোবলের ভয় অন্যদিকে জোয়ারের পানি উঠতে শুরু করেছে। সেই মুহুর্তে ধান কাটার শ্রমিক না পেয়ে আমরা চিন্তিত ছিলাম। ছাত্রলীগের নেতাকমীরা ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমরা খুবই আনন্দিত। এভাবে সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার জন্য আহবান জানান কৃষকরা।
এ ব্যাপারে এস এম আকতার হোসাইন বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব আজ প্রকম্পিত। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও সংক্রমিত। তাই অসহায় কৃষকরা জমির ধান নিয়ে বিপদে পড়েছেন। শ্রমিক সংকটে জমির ধান কাটতে পারছেন না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দিক নির্দেশনায় ছাত্রলীগের নেতা-কর্মীকে নিয়ে আমরা ধান কাটলাম।’
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ
