খুলনা সংবাদদাতা;  খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. রাকিব (৫৯) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আজ  মঙ্গলবার (১৬ জুন ২০২০) বিকেল সাড়ে ৬টায় শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর রাইসা ক্লিনিকের পরিচালক ডা. রাকিব (৫৯) মারা যান।

রাকিব উদ্দিন বাগেরহাট মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন।

  • ডা. রকিবের ভাই মো. সাইফুল ইসলাম খান জানান, গত ১৪ জুন রাইসা ক্লিনিকে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার পল্লবী সড়কের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগম সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। কিন্তু শিউলি বেগমের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ১৫ জুন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ভর্তির কিছু সময় পর তারা ওই রোগীকে ঢাকায় রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, শিউলির স্বজনরা মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে ১৫ জুন রাত ৮টার দিকে রাইসার ক্লিনিকের সামনে যায়। এরপর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে তারা ক্লিনিকের সামনে ডা. রকিবকে ব্যাপক মারধর করে চলে যায়। রাত ২টার দিকে ডা. রকিবকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার সকালে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তারা থানা মামলা করবেন বলে জানান।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • এ ঘটনায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. গাজী মিজানুর রহমান জানান, এই হত্যার প্রতিবাদে তারা বুধবার কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া বুধবার দুপুর সাড়ে ১২টায় খুলনা বিএমএ’র সভা থেকে কর্মসূচি গ্রহণ করা হবে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ডা. রাকিবের মৃত্যুর খবর শুনে রাইসা ক্লিনিকে গিয়েছি। এখনও চিকিৎসকের মরদেহ আবু নাসের হাসপাতালে রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।