অংকন তালুকদার, গোপালগঞ্জ জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে দুই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন আইসোলেশনে রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে একজন গোপালগঞ্জ সদর হাসপাতালের ও অপরজন কোটালীপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক। আক্রান্তদের মধ্যে একজন সদ্য নিয়োগকৃত চিকিৎসক। তিনি মঙ্গলবার (১২ মে) যোগদান করেছেন। আক্রান্ত দুই চিকিৎসকের মধ্যে একজন কোটালীপাড়ায় এবং অপরজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত দুই জনই ঢাকা থেকে এসেছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় একজন চিকিৎসকসহ ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ (২৩ মে ২০২০) হেলথ বুলেটিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে সাত হাজার ৯০০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৪৪ হাজার ৫৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৯ জন, এটিও রেকর্ড। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৯-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩৬১ জন।
আমাদের বাণী ডট/১৩ মে ২০২০/পিবিএ
