ইমরান চৌগাছা (যশোর) সংবাদদাতা; জেলার চৌগাছায় প্রাইভেটকারে বহনের সময় ৪০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১১ মে ২০২০)  বিকেল চারটার দিকে প্রায় ছয় কিলোমিটার তাড়া করে উপজেলার মুক্তারপুর গ্রামের মধ্যে একটি মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় আরেক মাদক ব্যবসায়ী একটি ফেনসিডিল ভর্তি ব্যাগসহ পালিয়ে যায়।

আটকরা হলেন, প্রাইভেটকারটির চালক ও মাদক ব্যবসায়ী শার্শা উপজেলার সানজিদ হাসান সম্রাট (২৮), যশোর সদরের পুলিশলাইন টালিখোলার শাহিন আলম (৩৬), যশোর ওয়াপদাহপাড়ার তারিক হাসান (৩৬) ও ঝিকরগাছা উপজেলার বিল্লাল হোসেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রিফাত খান রাজীব বলেন, গোপনে সংবাদ পাই বেনাপোল থেকে একটি প্রাইভেটকারে ঝিকরগাছার মোহাম্মদপুর বাজার, চৌগাছার মোহাম্মদপুর মোড় হয়ে ফেনসিডিল পাচার হচ্ছে। তখন দশপাকিয়া পুলিশ ফাড়ির আইসি এসআই মোশারফ হোসেনকে সংবাদ দিয়ে আমি নিজেই একজনকে নিযে বেরিয়ে পড়ি। ফেনসিডিল বহনকারী গাড়ীটিকে দশপাকিয়া ফাড়ির আইসি এসআই মোশারফ হোসেন চৌগাছা-ঝিকরগাছা সড়কের মোহাম্মদপুর মোড়ে (তিন রাস্তার মোড়) দাড়াতে সিগনাল দেন। তখন প্রাইভেট কারটি তাকে চাপা দিয়ে চৌগাছা-ঝিকরগাছা সড়ক দিয়ে চৌগাছার দিকে পালানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল নিয়ে এসআই মোশারফ হোসেন পড়ে গেলে গাড়িটি চৌগাছা-ঝিকরগাছা সড়ক দিয়ে প্রায় ছয় কিলোমিটার চৌগাছার দিকে মুক্তারপুর-আমজামতলা মোড়ে পৌছে তাদের গাড়ির সামনে চৌগাছা থেকে ঝিকরগাছামুখি সড়কে ওসির গাড়ি দেখতে পায়। তখন তারা মোড় থেকে মুক্তারপুর গ্রামের দিকে পালানোর চেষ্টা করে। সেখানে ওসির নেতৃত্বে পুলিশ তাড়া করলে তারা গ্রামের মধ্যের একটি মসজিদের গলিতে প্রাইভেট কারটি রেখে পালানোর চেষ্টা করে। ওদিকে মোটরসাইকেল তুলে এসআই মোশারফ হোসেন তাদের পিছু নেন। তিনি মুক্তারপুর মোড়ের অন্য একটি সড়কদিয়ে চোরাকারবারিদের প্রাইভেটকারের সামনে মোটরসাইকেলসহ উপস্থিত হন। তখন পালায়নপর ওই চারজনকে আটক করে পুলিশ। আটকদের কাছ থেকে একটি পিঠে ঝোলানো ব্যাগের মধ্যে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় জনি নামের আরেক মাদক চোরাকারবারি আরেকটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে ওই ব্যাগেও ফেনসিডিল রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,  এ বিষয়ে চৌগাছা থানায় মাদক আইনে মামলা হবে। আটকদের মধ্যে প্রাইভেটকারের চালক সম্রাটের নামে এর আগেও মাদক মামলা রয়েছে।

আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।