নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট; আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়পুর হাটে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম । আজ রবিবার সকাল ১১.৩০ টায় জেলার পাঁচুর মোড়ে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোকেয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু,সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য সামিয়া আক্তার,সুমাইয়া আক্তার আলো এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর ঘটা করে এই দিবস পালন করা হলেও নারীর প্রতি বৈষম্য,নির্যাতন, সহিংসতা এবং নিপীড়ন থেমে নেই বরং দিন দিন বৃদ্ধি পেয়েছে।একটি সভ্যতা যেমন শুধু নারী বা শুধু পুরুষ বোঝায় না।নারী- পুরুষ মিলেই মানব সভ্যতা গড়ে ওঠে।তেমনি মানুষ বলতে শুধু পুরুষ বা নারীকে বোঝায় না।আজকে কর্মক্ষেত্রে নারীরা অবহেলিত তুলনামূলক অনেকটা পিছিয়ে এটা যেমন মানুষ হিসেবে শুধু নারীদের সমস্যা নয় গোটা রাষ্ট্র ব্যবস্থার সমস্যা।আবার এই মানুষগুলোই তো প্রতিদিন ঘরে ৪৫- ৪৬ ধরনের কাজ করে। একজন নারী ঘরে ১৬ থেকে ২০ ঘন্টা কাজ করে। ২০১৫ সালের এক গবেষনায় দেখা গেছে নারীদের আর্থিক কাজের মূল্য বছরে ১১ লাখ কোটি টাকার উপরে অথচ দেশে নারী শিশু নির্যাতন, ধর্ষণ,খুন যে মাত্রায় বাড়ছে তা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে। দুঃখজনক হলেও সত্য একজন নারী ধর্ষণের শিকার হওয়ার পরও ২য় বার তাকেই প্রমান করতে হয় যে তিনি একজন ধর্ষিতা যা সভ্য সমাজে কাম্য নয়।
নেতৃবৃন্দ বলেন, গত বছর আমরা দেখেছিলাম ৬ মাসে ২০৮৩ জন নারী বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছিলো যার মধ্য ধর্ষণ ৭৩১,গন ধর্ষণ ১১৩ এবং খুন২৭৬ জন।বক্তারা বলেন বিচারহীনতার সংস্কৃতি দেশে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যার ফলে তনু,তানিয়া,সাগররুনি সহ অসংখ্য বিচার এখনো আলোর মুখ দেখে নি যার দায় বর্তমান শাসকগোষ্ঠী এড়াতে পারে না।ফলে আজকে নারীদের শুধু নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দাড়ানোই যথেষ্ট নয় সমাজ পরিবর্তনের লড়াইয়ে ও সামিল হতে হবে।
আমাদের বাণী ডট কম/০৮ মার্চ ২০২০/পিএ
