নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল; জেলার গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২০) টাঙ্গাইল  জেলা সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ উপজেলায় আরও একজন, ধনবাড়ী উপজেলার তিনজন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুজন, দেলদুয়ারে দুজন ও মির্জাপুর উপজেলার দুজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত তিন দিনে ২৮৫টি রিপোর্ট আটকে ছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১২০টি নমুনায় ১২ জনের করোনা পজিটিভের খবর জানানো হয়। তাদের মধ্যে একজন ওসি এবং চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। এদের মধ্যে ঢাকায় দুজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পাঁচ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ পাঁচ হাজার ৫১৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন, তার আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।