মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলায় নৈশকোচের ধাক্কায় শিউলি বেগম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী বকস আলী (২৩)।
গতকাল শনিবার (২১ মার্চ ২০২০) দিবাগত রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত বকস আলী (ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শিউলি বেগম ও তার স্বামী বকস আলী মোটরসাইকেলযোগে বাবার বাড়ি কালমেঘ থেকে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মালতিচুড়া গ্রামের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভেলাজান নামক স্থানে বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিউলি বেগম। পরে স্থানীয়রা শিউলি বেগমের মরদেহ ও তার আহত স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত বকস আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের কর্মরত চিকিৎসক।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘাতক কোচটি জব্দের চেষ্টা চলছে।
আমাদের বাণী ডট কম/২২ মার্চ ২০২০/টিএ
