নিজস্ব সংবাদদাতা, গাজীপুর; জেলায় এক ইতালি প্রবাসীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঐ সিভিল সার্জন জানান, গত ১৪ মার্চ ৪৪ জন ইতালি ফেরতকে মহানগরীর মেঘডুবি এলাকার মা ও শিশু কেন্দ্র হাসপাতালের কোয়ারেস্টাইনে রাখা হয়। এদের ১৫ মার্চ চারজন ও ১৬ মার্চ চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়। ওই ৮ জনের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গাজীপুরের ওই কোয়ারেন্টাইনে এখনও ৩৬ ইতালি প্রবাসী রয়েছেন। এছাড়া পুরো গাজীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ জন।
এই প্রথম বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বুধবার (১৮ মার্চ ২০২০) করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ফ্লোরা জানান, দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত তিনজনের দুজন ইতালি ফেরত অন্যজন কুয়েত থেকে এসেছেন।
অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ বুধবার (১৮ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।’
আমাদের বাণী ডট কম/১৮ মার্চ ২০২০/টিএ
