শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন সচিব পদায়ন করা হয়েছে। এদের মধ্যে সাতজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার কয়েকটি প্রজ্ঞাপন জারি করে এ বদলি-পদায়ন ও নতুন নিয়োগের আদেশ দেয়া হয়। নতুন তথ্য সচিব করা হয়েছে তথ্য ক্যাডারের সিনিয়র সদস্য কামরুন নাহারকে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আনিছুর রহমানকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনকে অন্য কোনো মন্ত্রণালয়ে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নতুন তথ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। তিনি তথ্য সচিবের দায়িত্বে থাকা আবদুল মালেকের স্থলাভিষিক্ত হচ্ছেন। চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করে আসা আবদুল মালেকের মেয়াদ গতকালই শেষ হয়েছে। জানা গেছে, আগামী বছরের নভেম্বরে অবসরকালীন ছুটিতে যেতে হবে কামরুন নাহারকে। তার আগে নিজ ক্যাডারে ফিরে আসার বাধ্যবাধকতা ছিল নতুন তথ্য সচিবের।

উল্লেখ্য, বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এ পদে তিনিই দেশের প্রথম নারী। এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তারও আগে গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। তথ্য সচিব হিসেবে তিনিই প্রথম তথ্য ক্যাডারের কর্মকর্তা হচ্ছেন। চলতি বছরের জানুয়ারিতে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। নতুন তথ্য সচিবের স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম গত অক্টোবর থেকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করছেন।

এ দিকে গতকালই অবসরকালীন ছুটিতে যাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন। তাকে পদোন্নতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাদের মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান সুলতান আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছে। সিপিটিইউয়ের মহাপরিচালক মো: আলী নুরকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব নূরুল ইসলামকে পদোন্নতি দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব মো: ওয়াহিদুল ইসলাম খানকে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। গত রোববার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমেদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করায় এ বিভাগে সচিবের শূন্য পদে রাজউকের চেয়ারম্যানকে পদোন্নতি দিয়ে সচিব করা হলো।

বছরের শেষ দিন এবং আগামী বছরের শুরুতে আরো কয়েকজন সচিবের অবসরকালীন ছুটিতে যাচ্ছেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ পদগুলোতে (সচিব পদে) নতুন কেউ না কেউ পদায়ন পাচ্ছেন বলে জনপ্রশাসন সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।