মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ১৬ তারিখ থেকে বন্ধ ঘোষণা হবার পরও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চলা আনন্দ মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার (১৯)।
তবে বন্ধ ঘোষণা করা হলেও বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন এখনও মেলা ছেড়ে যায়নি। এরই মধ্যে আজ শুক্রবার (২০ মার্চ ২০২০) দুপুর ১২টায় আনন্দ মেলায় আকাশ (২৭) নামে এক যাত্রায় অভিনয় করা জোকারের মৃত্যু হয়েছে।
নিহত আকাশের বাড়ী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জামিনবাড়ী গ্রামের। সে মুস্তাহাব আলীর ছেলে। যাত্রাপালায় জোকারের কাজ করতো।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বালিয়াডাঙ্গী থানার এসআই খায়রুজ্জামান জানান, সকালে নাস্তা শেষ করে বসেছিলেন আকাশ। পরের তার শরীর খারাপ হলে মেলার লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানেই তার মৃত্যু হয়। তবে জোকারের মৃত্যুর সঠিক কারণ তদন্ত করছে পুলিশ বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান।
এদিকে জোকারের মৃত্যুকে ঘিরে এলাকায় শুরু হয়েছে আতঙ্ক। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম মুঠোফোনে জানান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারকে মেলা ভাঙ্গার জন্য কঠোর নির্দেশনা প্রদান করার পরেও কেন মেলা ভাঙ্গা হয়নি সে বিষয় খোজ নিচ্ছি। তাছাড়া মেলায় জোকারের মৃত্যুর কারণ খতিয়ে দেখবে প্রশাসন।
আমাদের বাণী ডট কম/২০ মার্চ ২০২০/সিপি
