কেরানীগঞ্জে প্রাইম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দায়ী মালিকসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার ও শাস্তি, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং সরকারের সাথে পাটকল শ্রমিকদের সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবিতে অনশনরত পাটকল শ্রমিকদের সমর্থনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা শুক্রবার সকাল ১০:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি জুলফিকার আলী। সমাবেশে বক্তব্য রাখেন স্কপ এর শীর্ষ নেতা সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল,আইন বিষয়ক সম্পাদক এড. বিমল চন্দ্র সাহা,মহানগর শাখার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, নগর শাখার নেতৃবৃন্দ রতন মিয়া, মনির হেসেন মলিন .

সমাবেশে শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন ক্ষোভ প্রকাশ করে বলেন, কেরানীগঞ্জের প্রাইম প্লাস্টিক কারখানায় গত দু বছরে ৪ বার আগুন লেগেছে। এ বছরের এপ্রিল মাসেও আগুন লেগেছে। তখন ব্যবস্থা নিলে আজ ১৪ জন শ্রমিক পুড়ে অঙ্গার হত না। এখন মন্ত্রীসহ শ্রম দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিরা বলছেন, এ কারখানার চালানোর কোন অনুমোদন মালিকের নেই। এখন প্রশ্ন হচ্ছে রাজধানীর কেন্দ্র থেকে মাত্র ৪/৫ মাইলের দুরত্বে এই কারখানা চলছিল কার অনুমতিতে? শ্রম দপ্তর ও মন্ত্রীরা কি দায়িত্ব পালন করেছে? কারখানার মালিক কি সরকার থেকেও শক্তিশালী? তিনি আরোও বলেন এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকের নিরাপত্তা বিষয়টি সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে মালিক অবজ্ঞা করেছে আর সরকার ছিল সম্পূর্ণ উদাসীন। তাদের নজর ছিল শ্রমিক শোষণ ও মুনাফার দিকে। নেতৃবৃন্দ অবিলম্বে অগ্নিকাণ্ড ও শ্রমিক হত্যার দায়ে মালিক-শ্রম দপ্তরসহ সংশ্লিষ্ট সকলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করার দাবি জানান।

নেতৃবৃন্দ একই সাথে খুলনা প্লাটিনাম জুট মিলে অনশনরত পাটকল শ্রমিক নিহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আব্দুস সাত্তার নিহত নয় রাষ্ট্রের অবহেলায় সে হত্যার শিকার হয়েছে। নেতৃবৃন্দ বলেন শ্রমিকেরা একবার মজুরি থেকে বন্চিত হয়ে মারা যায় আবার অগ্নিকাণ্ডে-বিল্ডিং ধ্বসে মারা যায়, শ্রমিকের জীবনের নিরাপত্তা কোথায়। শ্রমিকের জীবনমান উন্নয়নে ও পাট শিল্প রক্ষায় রাষ্ট্রায়াত্ব পাটকল শ্রমিকদের ঘোষিত নতুন মজুরি কাঠামো কার্যকর করাসহ ১১ দফা দাবি বাস্তবায়ন করারও জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব-তোপখানা রোড-পল্টন-সেগুবাগিচা এলাকা পরিদর্শন করে সংগঠনের তোপখানা রোডে এসে শেষ হয়।

বার্তা প্রেরক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।