পড়াশোনায় চাপ দেয়ায় এক কলেজছাত্রী পাবনার ঈশ্বরদীতে ফাঁস দিয়েছেন। সোমবার দুপুরে ওই উপজেলার পিয়ারাখালী গোরস্থান পাড়ায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত জান্নাতুল ফেরদৌস অনন্যা ওই গ্রামের নূর ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

নূর ইসলাম জানান, রাতে খাওয়ার পর জান্নাতুল স্বাভাবিকভাবেই নিজ ঘরে যায়। সকালে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরো জানান, জান্নাতুলকে মাঝে মাঝে পড়ার জন্য চাপ দেয়া হতো। হয়তো এ কারণেই অভিমানে সে ফাঁস দিয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই কলেজছাত্রীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।