বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে‘২০১৯ পালিত হয়েছে।এবারের প্রতিপাদ্য বিষয় পুলিশের সঙ্গে কাজ করি,মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”। শনিবার সকাল ১০টায় বান্দরবান কমিউনিটি পুলিশিং ফোরাম ও জেলা পুলিশের উদ্যোগে এক র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
এই সময় আলোচনা সভায় পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র ও কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মংক্যাসিং চৌধুরী, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ প্রমুখ।
এসময় সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশিং এর অবদান হতে হবে সবচেয়ে বেশি। বিশ্বের প্রায় সকল দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
শেষে উপস্থিত অতিথিরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ ফোরামের জেলা সমন্বয় কমিটির সদস্য ও পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশকে সম্মাননা প্রদান করেন।
