শক্তিশালী হয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল।  ইতোমধ্যে উপকূলবর্তী মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার কাজ শুরু হয়েছে। পুলিশ, বিজিবি, নৌবাহিনী ও কোস্ট গার্ডের পাশাপাশি এবার সাতক্ষীরায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যশোর থেকে সেনাবাহিনী রওয়ানা দিয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে ১০ নম্বর মহাবিপদ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছায় না গেলে তাদের জোর করে নেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। আজ শনিবার ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় এক জরুরি সভায় তিনি এ নির্দেশ দেন।

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস.এস মোস্তফা কামাল বলেন, ৯২ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সাতক্ষীরার দুটি বিভাগের আওতায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। বুলবুলের জলোচ্ছাসের আঘাত যদি ৭ ফুট উচ্চতায় হয় সেক্ষেত্রে এসব বেড়িবাঁধ রক্ষা করা সম্ভব হবে না বলে জানা গেছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের উপ-পরিচালক জুলফিকার অলী জানান, বেলা ১২ পর্যন্ত সাতক্ষীরায় ২৯ মিলি লিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, এখনও পর্যন্ত সাতক্ষীরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে।

ঘূর্ণিঝড়ের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে উপকূলীয় এলাকায়। এরই মধ্যে দেশের উপকূলের ১৪টি জেলাকে জলোচ্ছ্বাসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। গতকাল বিকেলের পর অভ্যন্তরীণ সব নৌপথে লঞ্চ-জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। দেশের সমুদ্রবন্দরগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সাগরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সুন্দরবনের দুবলারচরে রোববার থেকে শুরু হতে যাওয়া রাসমেলা বাতিল করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যার পর বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। আঘাত হানার সময় এর গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঝড়ের সঙ্গে থাকা মেঘমালার জন্য সোমবার পর্যন্ত দেশের উপকূলসহ বেশির ভাগ এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।