নিজস্ব সংবাদদাতা, ঢাকা; মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব সেবা আনছে ওয়ান স্টপ সার্ভিসে। একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করে ১৬০ ধরনের সেবা নিতে পারবেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে ।  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কার্যক্রম হাতে নিয়েছে মাউশি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে মাউশি। তার মধ্যে অ্যাপের মাধ্যমে সার্ভিস সুবিধা প্রদান, শিক্ষা তথ্য ব্যবস্থানা পদ্ধতিতে (ইএমআইএস) শিক্ষকদের সব তথ্য সংরক্ষণ সফটওয়্যার আপডেটকরণ, শিক্ষার্থীদের ক্লাস ও সেলফ মূল্যায়ন, শিক্ষক মূল্যায়ন এবং বিশেষ দিবসে বঙ্গবন্ধুর অবদানগুলো নিয়ে রচিত বুকলেট বিতরণসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেশ কিছু কার্যক্রম।

এর মাধ্যমে একদিকে যেমন সেবা প্রত্যাশীদের হয়রানি কমবে, অন্যদিকে মাউশিতে ঘুষ, অনিয়ম ও ভোগান্তি লাঘব হবে বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে মাউশির পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষকদের প্রত্যাশিত সহজতম সার্ভিস নিশ্চিতকরণসহ বেশ কিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘সরকারের এটুআই প্রকল্পের আওতায় মাউশির অধীন সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এমপিওভুক্তি কার্যক্রম, পে-স্কেল-টাইম স্কেল, নিয়োগ-বদলি, পদোন্নতি, তথ্য সংশোধন, অবসর সুবিধাসহ ১৬০ ধরনের সেবা নিতে আসেন। এখন থেকে এগুলোকে চিহ্নিত করে একটি অ্যাপের মাধ্যমে এসব সেবা দেয়া হবে। কষ্ট করে মাউশিতে না এসে দেশের যেকোনো স্থান থেকে আবেদন করা যাবে। আবেদনকারীর প্রত্যাশিত সার্ভিসের স্ট্যাটাস অ্যাপের মাধ্যমে জানা যাবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।