রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার দুর্গাপুর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।
আজ বুধবার বিকেল চারটার দিকে লালন পরিবহন ও একটি লোকাল বাসে আরিফ এক্সক্লুসিভ এর মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দুটি বাসের ডান পাশ দুমরে মুচরে যায়।
লালন পরিবহনটি ঢাকা থেকে কুমারখালী এবং লোকাল বাসটি কুষ্টিয়া থেকে দৌলতদিয়া যাচ্ছিল। আহতদের কালুখালি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিয়ালদাহ ইউনিয়নের ফরমান আলী মন্ডল (৭০), কুষ্টিয়ার মিন্টু ও পাংশা উপজেলা বাহাদুরপুর গ্রামের মিজান শেক।
লোকাল বাসের যাত্রি শহিদুল ইসলাম বলেন, আমাদের বাসটি রাস্তার বামপাশে ছিল। লালন পরিবহন এসে এই দুর্ঘটনাটি ঘটায়।
লালন পরিহনের যাত্রী ও নিহত ফরমান আলী মন্ডলের মেয়ে জামাই আলম মন্ডল বলেন, তাঁরা সকাল ৯টায় গাবতলী থেকে লালন পরিবহনে রওনা দেন। কিন্তু বাসের চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর আগেও চালক মানিকগঞ্জে এরকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছিল। এনিয়ে যাত্রীরা তাকে সাবধান করে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শওকত আলী জোয়াদ্দার বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। ঘটনাস্থলে দুইজন মারা গেছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা হাইওয়ে থানার এসআই মোঃ সাইদুর রহমান জানান, দুর্ঘটনাটি লালন পরিবহনের চালকের অসাবধানতাবশত ঘটতে পারে।
রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মানি মন্ডল বলেন, সদর হাসপাতালে ১৫ জন ভর্তি আছে। আর ফরিদপুরে ২০ জনকে পাঠানো হয়েছে। এছারাও কালুখালি উপজেলা স্বাস্থ কেন্দ্র থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন।
