সৈয়দপুরে রেলওয়ের উন্নয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ছাড় দেয়া হবে না। উন্নয়নমূলক কাজে ব্যবহার হবে এমন জায়গায় বহুতল ভবনও প্রয়োজনে ভেঙ্গে দেয়া হবে। এক্ষেত্রে কোন ধরণের তদবির বা গাফিলতি করা হবে না।
শনিবার দুপুরে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী অ্যাড. নূরুল ইসলাম সুজন এমপি।
এ সময় রেলের উর্ধ্বতন কর্মকর্তাসহ রেল ভূমিতে বসবাসকারীদের সংগঠন অধিকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, রেলওয়ের মালিকানাধীন সকল ভূ-সম্পত্তি রেলওয়ের নিয়ন্ত্রণে নেয়া হবে। রেলওয়ে জমিতে তাদেরকে নিয়মের মধ্যে আনতে শিগগির গণবিজ্ঞপ্তি জারি করা হবে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে অপ্রয়োজনীয় জমিতে বসবাসকারীদের দরখাস্তের ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। কেউ নিয়মের মধ্যে না আসলে তাদের অবৈধ দখলদার হিসাবে উচ্ছেদ করা হবে।
পরে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত পশ্চিমাঞ্চল রেলপথের সেতু, সিগন্যালিং ও রোলিং স্টক রক্ষণাবেক্ষন এবং ট্রেন পরিচালনা বিষয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি যোগ দেন। কর্মশালায় মন্ত্রী রেলওয়ের বিদ্যমান সমস্যার সমাধানসহ রেলওয়ের উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য বলেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার সাংসদ আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক হারুন-অর-রশিদ, পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান প্রমুখ। এর আগে মন্ত্রী পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প পরিদর্শন করেন।
