লক্ষ্মীপুর সংবাদদাতা;  করোনা ভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় লক্ষ্মীপুর জেলা ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কমলনগর ও রামগতি সোমবার (১৫ জুন), সদর, রামগঞ্জ ও রায়পুর মঙ্গলবার (১৬ জুন) ভোর ৬টা থেকে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

  • এই ৫টি উপজেলায় আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এর মধ্যে সদর ও রায়পুর উপজেলা হবে তৃতীয় বারের মতো লকডাউন। তবে এর মধ্যে করোনা বেশী আক্রান্তের ক্ষেত্রে অবস্থার প্রেক্ষিতে রেড, ইয়েলো ও সবুজ জোনে ভাগ করা হবে।

গত কয়েকদিন থেকে করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুনরায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয় বলে গতকাল রবিবার বিকেলে সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার জানান।

  • এছাড়া, রেড জোনের আওতায় কোন প্রকার যানবাহন চলাচল ও দোকান-পাট খোলা থাকবেনা এবং কেউ ঘর থেকেও বের হতে পারবেন না বলে জানান তিনি।

সিভিল সার্জন আরও জানান, লকডাউনের আওতাধীন আন্তঃউপজেলা, পৌরসভা, আন্তঃইউনিয়নের সকল ধরনের যানবাহন ও দোকান, হাট-বাজার, শপিংমল বন্ধ থাকবে। জোন বিশেষ ঔষধের দোকান, এ্যাম্বুলেন্স ও ঔষধ পরিবহন, সংবাদপত্রের কাজে নিয়োজিত ব্যক্তি ও গাড়ি এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

  • জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় মোট আক্রান্ত ৪৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯১ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।