ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। তার স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

আজ  রবিবার (১২ জুলাই ২০২০)  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছেন। গত ৫ জুলাই রাতে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাদের হাসপাতালটিতে ভর্তি করা হয়। এরপর গত ৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ফল আসে।

নরেন দাস ২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩৫২জনের মৃত্যু হলো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮৩  হাজার ৭৯৫ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।  আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১০৫৯ টি যা গতকাল ছিল ১১,১৯৩ টি।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।