সিংড়া (নাটোর) সংবাদদাতা; জেলার সিংড়ায় শ্রী সুনীল (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ।
আজ শুক্রবার (০৮ মে ২০২০) দুপুর ১২টায় নিজ বাড়ি সংলগ্ন হাটমুরসন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শ্রী সুনীল উপজেলা শুকাস ইউনিয়নের হাট মুরসন গ্রামের মৃত কুলিমের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে শ্রী সুনীলের ঘরের জানালায় কে বা কারা ধাক্কা দেয়। এতে সুনীল ঘরের বাহিরে গিয়ে আর ফিরে আসেনি। পরে সকালে রাস্তার পাশে তার লাশ দেখে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে নিহত সুনীলের স্ত্রী শ্রীমতি প্রতিমার দাবি, প্রতিবেশীর সাথে জায়গা নিয়ে বিরোধে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এটি হত্যা কি না বলা যাচ্ছে না। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ
