জয়পুরহাটের আক্কেলপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জাফরপুর ইন্দুপাড়া এলাকায় ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে উপজেলার চাপরপুর ইন্দুপাড়া এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এসময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়।

ওসি জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

অন্যদিকে,

কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে ৩ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ট্রাকে থাকা ৬টি গরু মারা গেছে।নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া, একই গ্রামের সামাউল ও ঝিনাইদহের মহেশপুর সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঈদুল আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরুবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ভোরে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ৩ জনই ঘটনাস্থলে মারা যান।

তিনি জানান, ধারণা করা হচ্ছে চোখে ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহগুলো উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।