প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১ গ্রেড আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। এছাড়া আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সংগঠনের জেলা প্রতিনিধিদের সভা আহ্বান করা হয়েছে। আর পরদিন ৩০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার রাজধানীর বংশালে অনুষ্ঠিত পরিষদের নীতি নির্ধারণী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান জানান, বৈঠকে শিক্ষক নেতারা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ব্যাপারে অনড় অবস্থান ব্যক্ত করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এছাড়া বিদ্যালয়ের সময়সূচি এবং শ্রান্ত-বিনোদন নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন ঐক্য পরিষদ নেতারা। পাশাপাশি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টাও চলছে।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ প্রধান মুখপাত্র মো. বদরুল আলম মুকুল জানান, যে সকল উপজেলা ও জেলায় ঐক্য পরিষদের কমিটি গঠিত হয়নি তাদেরকে আগামী ২০ জানুয়ারির মধ্যে কমিটি গঠনের কথা বলা হয়েছে। আর আগামী ২৯ ডিসেম্বর জেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে। সেই সভার আলোচনার ভিত্তিতে ৩০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী বছর মুজিব বর্ষে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের সুখবর পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঐক্য পরিষদকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করছে তাদের সংগঠন। আগামীতে দাবি আদায়ে আরো গতিশীল ভূমিকা রাখবে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।