জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী)  সংবাদদাতা; জেলার  সৈয়দপুরে আজ বুধবার (১০ জুন ২০২০) ভোরে শহরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে আগুনে পুড়ে গেছে কোটি টাকার যন্ত্রাংশ। এটি ঘটেছে শহীদ তুলশীরাম সড়কের (দিনাজপুর রোড) প্রাইম ডায়াগনোস্টিক সেন্টারে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি দল এসে দীর্ঘ দুই ঘন্টা অবিরাম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই এলাকার অধিবাসী প্রত্যক্ষদর্শী দিলীপ গুপ্ত জানান, বুধবার ভোর বেলা আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় বসবাসরত অধিবাসীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ এ ফোন করা হলে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ডায়াগনোস্টিক সেন্টারের মালিক হাকিবুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাতের বেলা ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে কর্মরতরা সবাই চলে যাই। ভোর বেলা আনুমানিক চারটার সময় খবর পেয়ে কর্মস্থলে আসি। ততক্ষণে সবকিছু পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকারও বেশি যন্ত্রাংশ। পুড়ে যাওয়া সরঞ্জাম কেজি দরে বিক্রি করা ছাড়া উপায় নেই।

জানতে চাইলে সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা নাসিম ইকবাল জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।