নোয়াখালী সংবাদদাতা; জেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক মাদ্রাসাছাত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই শিমুলের অবস্থা আশংকাজনক।
গতকাল মঙ্গলবার (০৯ জুন ২০২০) রাতে সোনাইমুড়ী পৌরসভার আলোকপাড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমুন (১৬) একই গ্রামের বড়বাড়ির মো. সামছু উদ্দিনের ছেলে।
- স্থানীয়রা জানান, বিকেলে খেলার মাঠে আলোকপাড়া গ্রামের আশরাফ আলী ব্যাপারী বাড়ির এছহাক মিয়ার ছেলে মীর হোসেনের (২০) সঙ্গে একই গ্রামের বড়বাড়ির মো. সামছু উদ্দিনের ছেলে শিমুলের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্ক হয়। রাত ৮টার দিকে শিমুল তার ছোট ভাই সাইমুনকে নিয়ে সোনাইমুড়ী বাজারের উদ্দেশ্যে রওনা হয়। আগের ঘটনার জের ধরে পথিমধ্যে মীর হোসেন ১০-১২ জন নিয়ে শিমুলকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় বাধা দিতে গেলে শিমুুলের ছোট ভাই সাইমুনকে ছুুুরি দিয়ে আঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই সাইমুনের মৃত্যু হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বাকিরা পালিয়ে যায়। পরে শিমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার মূল হোতাসহ জড়িতদের ধরার চেষ্টা চলছে।
আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ
