বিশ্ববিদ্যালয় শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। প্রতিটি শিক্ষার্থীই এখানে ভর্তির স্বপ্ন দেখে। কারণ জীবনের লক্ষ্য পূরণের অন্যতম সারথী হলো বিশ্ববিদ্যালয়গুলো।
তাই স্বপ্ন পূরণে একবুক আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষাজীবন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) এমনই একটি দিন ছিল ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি)। শিক্ষার্থীদের কাঙ্খিত স্বপ্ন পূরণে এ দিন থেকে শুরু হয়েছে নবীনদের ক্লাস।
বিভিন্ন বিভাগের পক্ষ থেকে তাই নবীনদের বরণে ছিলো ব্যাপক আয়োজন। বিশেষ করে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করানোর মধ্যদিয়ে নবীনদেরকে বরণ করে নেয় প্রায় প্রতিটি বিভাগ। বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পৃথকভাবে নবীনদেরকে বরণ করে নেয়।
এদিকে নবীন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গন। স্বপ্ন পূরণের সারথী হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বেশ উচ্ছ্বাসিত তারা। এ বিষয়ে বার্তা২৪.কম এর সঙ্গে স্বপ্ন ও অনুভূতির কথা জানিয়েছেন নবীন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী রুবিনা বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও আজ ওরিয়েন্টেশন ক্লাস করতে পেরে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’
ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘আমাদের শিক্ষক ও বড় ভাইয়া-আপুরা যেভাবে আমাদেরকে বরণ করে নিয়েছেন, তা সত্যি অসাধারণ। নিজের একান্ত প্রচেষ্টা ও সবার সহযোগীতায় পিতামাতা ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’
একাডেমিক শাখা সূত্রে, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৪ থেকে ৬ নভেম্বর। এবছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মোট ২ হাজার ৩০৫টি আসনে ভর্তি হয়েছেন শিক্ষার্থীরা।
