ডেস্ক রিপোর্ট, ঢাকা; আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিন মালবাহী ট্রেন এবং দুই দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২০) রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে ২ আগস্ট সব মালবাহী ট্রেন এবং ঈদের দিন ও ঈদের পরের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া পশ্চিমাঞ্চলের কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হয়েছে। ৩১ জুলাই এ চারটি ট্রেন চলাচল করবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, রেলভবন থেকে একটি আদেশের চিঠি পেয়েছি। যেখানে ঈদুল আজহা উপলক্ষে তিন দিন মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

এছাড়া কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ, বনলতা এবং লালমনি এক্সপ্রেস ট্রেন ডে অফেও চালু রাখার কথা বলা হয়েছে।

করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত আকারে শুরু হয় আন্তঃনগর ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।

এছাড়া সাধারণ ছুটি চলাকালীন অব্যাহত ছিল মালবাহী ট্রেন চলাচল।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (২৩ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮০১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৬ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে পূর্বেরসহ ১২ হাজার ৩৯৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ৬০টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৮৫৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ১৬ হাজার ১১০ জন। শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/২৪ জুলাই ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।