নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাধীন যে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম গ্রহণ করা হয়েছে যা এখনও সম্পন্ন করা হয়নি উক্ত নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম যেখানে যে অবস্থায় রয়েছে সে অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং  পরবর্তী নির্দেশা জারি করা না পর্যন্ত এই কার্যক্রম এখানেই বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত  ১৯ মার্চ ২০২০ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুঃ জিয়াউল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এই স্থগিতাদেশ জারি করে সকল কমিটি নির্বাচনে।

এ সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিংবডির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। চলমান লকডাউনে পুনরায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। তাই বৈধ কমিটি না থাকায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন উত্তোলন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এসব  জটিলতা নিরসন করে  ঢাকা শিক্ষা বোর্ড পুনরায় কমিটি গঠন করা সম্ভব হয়নি এমন শিক্ষা প্রতিষ্ঠানেগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা প্রশাসকদের প্রতিস্বাক্ষরে তোলার সিদ্ধান্ত জানিয়েছে।

আজ বুধবার (০৬ মে ২০২০) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশে মারাত্মক করোনা সংক্রমণ পরিস্থিতি বিরাজমান থাকার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে এসময়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিংবডির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা পুনঃ ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হয়নি অথবা কমিটির কার্যক্রম স্থগিত আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা উত্তোলনের স্বার্থে প্রতিষ্ঠানের বিলে উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসকের প্রতিস্বাক্ষরে বেতন-ভাতা উত্তোলন করা যাবে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৬ মে ২০২০)  তথ্য অনুযায়ী,  করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৯ হাজার ৬৪৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।