ডেস্ক রিপোর্ট, ঢাকা;  প্রাণঘাতী করোনা দুর্যোগে অন্তঃসত্ত্বা নারীদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গর্ভবতী ও প্রসূতি নারীদের মৃত্যুর ঝুঁকি হ্রাসে তাদের পাশে থেকে আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মহামারির চরম বিপদের এ সময়ে মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা সহজে নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলায় মাসব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করছে সেনা সদর দপ্তর।

গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্যের ভবিষ্যৎ ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পরামর্শ সেখান থেকে দেওয়া হচ্ছে। ৯ জুলাই পর্যন্ত চলবে এ স্বাস্থ্য সেবা।

করোনার পাশাপাশি এসব মেডিকেল ক্যাম্প থেকে রক্ত পরীক্ষাও করা হচ্ছে। মিলছে ভিটামিনসহ যাবতীয় ওষুধ। এসব কিছুই হচ্ছে বিনামূল্যে।

আইএসপিআর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর মাসব্যাপী গর্ভবতী মায়েদের জন্য চলমান এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমে এখন পর্যন্ত ৯ হাজার ৯৯৯ জন সেবা গ্রহণ করেছেন। ৪২ জনের করোনা পরীক্ষাসহ ১ হাজার ৭৭৪ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৬ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ২০৯৬  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ২০১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৬ হাজার ৬১৮ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২৪৫ টি যা গতদিনে ছিল ১৩  হাজার ৯৮৮টি । ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭৬ হাজার ১৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৯৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন।’‘এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৬৫৭ জন এবং নারী ৪৩৯ জন। শতাংশ বিবেচনায় পুরুষ ৭৯ দশমিক ০৫ শতাংশ এবং নারী ২০ দশমিক ৯৫ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/০৬  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।