চট্টগ্রাম সংবাদদতা; চট্টগ্রামে  শ্বাসকষ্ট নিয়ে গিয়াস উদ্দিন (৪৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৪ জুন ২০২০) রাত সাড়ে ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

  • বিষয়টি জানিয়েছেন গিয়াস উদ্দিনের ছোট ভাই ও দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ। মৃত গিয়াস উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের থানাদার বাড়ির মুক্তিযোদ্ধা ওহাব উদ্দিনের ছেলে। তিনি ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ব্যবস্থাপক ছিলেন।

বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ জানান, গিয়াস উদ্দিনের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। রোববার সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্বাসকষ্টের পাশপাশি তিনি স্ট্রোকও করেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • তবে স্বজনরা জানিয়েছেন, গুরুতর অসুস্থ হওয়ার আগে গিয়াস উদ্দিনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ ছিল।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।