নিজস্ব সংবাদদাতা, ঢাকা ও চট্টগ্রাম; করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মূল বেতনের এক দিনের সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এপ্রিল মাসের বেতন থেকে এ সহযোগিতা করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ের (চবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক।
এদিকে অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুদিনের বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এজন্য বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতামতের জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে। ইতিমধ্যে ২০০ টি দেশের জনগণ এই ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশ এর বাইরে নেই। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে সকল ধরনের জনসমাগম, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বর্তমানে দৈনিক খেটে খাওয়া হতদরিদ্র শ্রেণি-পেশার মানুষের ওপর এর প্রভাব পড়তে আরম্ভ করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি এ সহায়তা তিনটি খাতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ দেওয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশ্ববর্তী এলাকার দরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে পিপিই ও মাস্ক সরবরাহের জন্য।
এ বিষয়ে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, মহামারী পরিস্থিতিতে নাগরিক দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ বিষয়ে অনলাইনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের কয়েক দফা সভা হয়েছে। পরিস্থিতির কারণে সাধারণ সভা করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, তবে আমরা এ প্রস্তাব শিক্ষকদের জানিয়েছি। কারও যদি এতে অসম্মতি থাকে তাহলে ৫ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির চিঠিতে বলা হয়, এই পরিস্থিতিতে মানবিকতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঢাবি শিক্ষকদের দুদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। এই সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শিক্ষক সমিতির কার্যকর পরিষদের সদস্য ছাড়াও প্রায় ১০০ জন শিক্ষকের সঙ্গে আমরা ফোনে কথা বলেছি ও তাদের মতামত গ্রহণ করেছি।
চারদিকে যখন আমরা সবাই গৃহান্তরে সময় কাটাচ্ছি, এসময় এই মানবিক সহায়তার সঠিক প্রয়োগ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তা প্রদান করা যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। ব্রিফিংয়ে ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।
