নাসির উদ্দিন সাগর, নিজস্ব সংবাদদাতা, গাজীপুর; জেলার  কাপাসিয়ায় করোনা উপসর্গ নিয়ে (সর্দি, জ্বর, কাশি)  সেলিম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) রাত একটায় ওই যুবকের মৃত্যু হয়। পরীক্ষার জন্য মৃত যুবক ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম।

মৃত ওই যুবক নারায়ণগঞ্জের একটি ফার্মেসিতে কাজ করতেন। তিনি কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামের সুরুজ্জামানের ছেলে।

 ডাক্তার আব্দুস সালাম জানান, গত ২১ দিন আগে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ নিয়ে ওই যুবক নারায়ণগঞ্জ থেকে গাজীপুরে বাড়িতে আসেন। হাসপাতালে চিকিৎসা নেননি তিনি। এরপর মঙ্গলবার রাত একটার দিকে তার মৃত্যু হয়।

ওই যুবকের দাফন করোনা আক্রান্ত রোগীর মতোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করা হবে বলেও জানান আব্দুস সালাম।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বলেন, মৃত যুবক ও তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টা পর রিপোর্ট আসলে বলা যাবে ওই এলাকা লকডাউন করা হবে কি না। তবে এ মুহূর্তে মৃতের পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পাশাপাশি বাড়িতে লাল পতাকা টাঙিয়ে পরিবারের সবাইকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে বলেও জানান ইসমত আরা।

বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৭৯২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। নতুন করে আরও ৫ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন, নারায়ণগঞ্জের ১৫ জন, কুমিল্লায় ১ জন ও চট্টগ্রামে ১ জন এবং কেরানীগঞ্জে ১ জন। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) দুপুর ২ টায় স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।