নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা; করোনাভাইরাসে কুমিল্লা জেলায় আরো নতুন করে একজন স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬ জন। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ হয়নি এবং মারাও যায়নি।
আজ সোমবার (১১ মে ২০২০) কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা জেলায় নতুন করে পাঁচজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা মহানগরে দুজন, নাঙ্গলকোটে প্রথম দুজন ও চান্দিনায় একজন। চান্দিনায় আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট তিন হাজার ৫১৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে তিন হাজার ৯১ জনের। এর মধ্যে মারা গেছেন সাতজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।
