নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা; জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে জেলার আদর্শ সদরে ১ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ২৮২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আজ রবিবার (১৭ মে ২০২০ ) দুপুর দেড়টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২ জন, আদর্শ সদরে ১ জন, মুরাদনগরে ৪ জন, হোমনায় ১ জন, তিতাসে ১ জন, চান্দিনায় ১ জন, দাউদকান্দি ১ জন ও দেবিদ্বারে ৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪ হাজার ৯৮৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৫৮৪ জনের। এর মধ্যে মোট ২৮২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ১২ জন এবং সুস্থ হয়েছেন মোট ৪৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৩ জন ও নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের পাঁচজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন পাঁচজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৫১-৬০ তিনজন, ৬১-৭০ তিনজন, ৭১-৮০ তিনজন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন।
আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ
