নিজস্ব সংবাদদাতা, বগুড়া; জেলার সদর উপজেলায় ছাত্রীনিবাস থেকে আখিনুর আক্তার (২৪) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত আখিনুর আক্তার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের পলাশী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। তিনি বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি ২০২০) বিকেল ৩টায় শহরের কামারগাড়ি এলাকায় মা-বকুল ভিলা নামের ছাত্রীনিবাসটির চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ছাত্রী নিবাসের ছাত্রীরা জানায়, শুক্রবার দিবাগত রাতে আখিনুর রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে তার রুমে ঘুমিয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত সে রুম থেকে বের না হওয়ায় অন্য রুমের শিক্ষার্থীরা বিষয়টি ছাত্রী নিবাস মালিককে জানায়।

ছাত্রীনিবাসের মালিক লিমন সদর থানায় আবগত করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা খুলে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আখিনুরের মরদেহ দেখতে পায়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৯ ফেব্রুয়ারি ২০২০/এভি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।