ডেস্ক রিপোর্ট, ঢাকা; ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত চারদিনে (১৮ থেকে ২১ জুলাই) আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ২৪ জন প্রাণঘাতী এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার চকবাজারের মো. তাহের আলী (৭০), কুমিল্লার মো. হানিফ মিয়া (৬৮), ঢাকার আনোয়ার মিয়া (৬০), ঢাকার মো. ইয়াকুব চৌধুরী (৭৩), ব্রাহ্মণবাড়িয়ার হাজি হাসু মিয়া (৮০), ঝালকাঠির মোছা. শারমীন আক্তার (২১), মুন্সীগঞ্জের মোছা. জোবাইদা বেগম (৮০) ও ফেনীর মোছা. তাসনিয়া আলম (২৫)।
তারা সবাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢামেক মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে। দেশে করোনাভাইরাসে মৃত্যুর তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছেন আরও ৪১ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৭০৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৭ জনের দেহে। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১০ হাজার ৫১০ জনে।
- গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি সাড়ে ৪৮ লাখের বেশি। মৃতের সংখ্যা ছয় লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। ৮৯ লাখ ১২ হাজারের মতো রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
আমাদের বাণী ডট কম/২৩ জুলাই ২০২০/পিপিএম
