নিজস্ব সংবাদদাতা, ঢাকা; দেশের বেসরকারি চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের একজন ক্যামেরাপারসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি উত্তরায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ক্যামেরাপারসনের করোনা শনাক্ত হওয়ার পরই টেলিভিশন চ্যানেলটির ৪৭ কর্মীকে ‘হোম কোয়ারেন্টিনে’ পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) বিকেল পৌনে ৫টার দিকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. শামসুর রহমান ক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এক সহকর্মী, ইনডিপেনডেন্ট টেলিভিশন পরিবারের সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত।’

তিনি বলেন, ‘উনি ২৫ ও ২৬ তারিখ শেষবার ইনডিপেনডেন্ট টেলিভিশন অফিসে কর্মরত ছিলেন। রাতে উনার সিম্পটম গ্রো করায় উনি আমাদেরকে জানান অফিসে আসতে পারবেন না এবং উনি সেল্ফ আইসোলেশনে ছিলেন। দুদিন আগে উনি আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং উনার স্যাম্পল নিয়ে টেস্ট শেষে রেজাল্ট আসে এবং যেটা আনফরচুনেটলি পজিটিভ ছিল।’

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও বলেন, ‘আমরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে সব সহযোগিতা উনাকে করছি। আইইডিসিআরের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং উনার সংস্পর্শে যারা এসেছিলেন-৪৭ জনের তালিকা তৈরি করেছি এবং আমাদের সেই ৪৭ জন সহকর্মীকে আমরা সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছি। সো ২৬ তারিখ থেকে যদি আমরা হিসাব করি তার পাঁচদিনে আর আমাদের সহকর্মীদের সিম্পটম শো না করা, তার মানে আর কেউ সংক্রমিত হয়নি।’

শেষে তিনি বলেন, ‘আমি আমার কলিগের সঙ্গে কথা বলেছি তিনি রিকভারি করছেন।’

এসময় তিনি সব মাধ্যমের সাংবাদিককে সরকারের নিয়ম মেনে, সাবধানতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ বিষয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন বলেন, গত ৯ দিন ধরেই ওই সাংবাদিক ছুটিতে আছেন। তিনি বাদে আমাদের প্রতিষ্ঠানের অন্য কর্মীদের মাঝে করোনা ভাইরাসের কোনো রকম উপসর্গ দেখা যায়নি। তাই এই মুহূর্তেই আমরা লকডাউনে যাওয়ার কথা ভাবছি না। তবে আক্রান্তের সংস্পর্শে আসা ৪৭ জনের তালিকা আমরা করেছি এবং অলরেডি তাদেরকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে। এরপরও সম্ভাব্য সকল প্রকার সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এমনকি কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মামুন আব্দুল্লাহ।

এদিকে আক্রান্ত ওই সাংবাদিক বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ইনডিপেনডেন্টের একজন সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন।

 বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে কারও প্রাণহানি হয়নি। ফলে দেশব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা যা ছিল তাই আছে। মোট মৃত ৬ জন।

আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) দুপুর ১২ টায় স্বাস্থ্য অধিদপ্তর এর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।