ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা; জেলার সদর উপজেলায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা না দিয়েই কোভিড-১৯ ‘পজিটিভ’ হয়েছেন তৌহিদুল ইসলাম নামে এক যুবক।
গতকাল মঙ্গলবার (০৯ জুন ২০২০) জেলায় নতুন যে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে তৌহিদ একজন।
- এ বিষয়ে তৌহিদুল জানান, করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও পরীক্ষার জন্য নমুনা দিতে জেলা সদর হাসপাতাল থেকে দেওয়া নির্ধারিত ফরম পূরণ করেন তিনি। গত ৩ জুন তিনিসহ আরও চারজন ফরম পূরণ করেন। পরদিন দুপুরে তাদের নমুনা দেওয়ার জন্য হাসপাতালের নমুনা সংগ্রহ বুথে যেতে বলা হয়। কিন্তু ওই দিন দুপুরে জরুরি কাজে আটকে যাওয়ায় তিনিসহ ওই চারজনের কেউই নমুনা দিতে যাননি।
ওই যুবক বলেন, ‘আমি নমুনা না দেওয়ার পরও গতকাল মঙ্গলবার আমাকে ফোন করে জানায়, আমি করোনা পজিটিভ। যদিও আমার সাথের বাকি কারও কাছে কোনো ফোন আসেনি।’
- এখন তৌহিদুলের প্রশ্ন, ‘আমি তো নমুনাই দেইনি, তাহলে পজিটিভ হলাম কীভাবে? তবে করোনা পজিটিভ রোগীর তালিকায় নাম আসায় আমি হোম আইসোলেশনে আছি।’
বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, ‘কী কারণে এমনটি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং যারা নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন তাদের পুনঃরায় এটি ভেরিফাই করার জন্য বলা হয়েছে।’
- ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘যাচাই-বাছাইয়ের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’
আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ
